
কক্সবাজারের টেকনাফ সীমান্তসংলগ্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ কোনাপাড়া গ্রামে স্থানীয় বন্যার্ত পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামু সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ। এ সময় উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ, হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজালাল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সেক্টর কমান্ডার বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্যোগ ও সংকটময় সময়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে বিজিবি। ভবিষ্যতেও সীমান্তবর্তী জনগণের পাশে থেকে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রমেও তারা নিয়মিত অংশ নিচ্ছে।